রোনালদোকে নিয়ে প্রশ্নে জেসুস আবার বললেনডেনমার্কের বিপক্ষে গতকাল রাতে জয়ের পর পর্তুগাল কোচ জর্জ জেসুসের সংবাদ সম্মেলনে প্রথম দুটি প্রশ্ন ছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। জেসুস এর উত্তরে সচেতনভাবেই রোনালদোর বিষয়টি এড়িয়ে গেছেন। কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের এ ম্যাচ ৪-২ গোলে জেতে পর্তুগাল। জেসুসের অধীন এটি টানা তৃতীয় জয় পর্তুগালের। মাঠের বাইরে রোনালদোকে ঘিরে যতই ঝড় উঠুক, মাঠের খেলায় জেসুসের দল কিন্তু ভালো

কিন্তু ডেনমার্ক ম্যাচের পর সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে প্রশ্ন অবধারিতই ছিল। নরওয়ের বিপক্ষে আগের ম্যাচে রোনালদোকে বেঞ্চ থেকে মাঠে নামাননি জেসুস। সেদিন সতীর্থদের সঙ্গে জয় উদ্যাপন না করে বেঞ্চ থেকে রোনালদো সরাসরি ড্রেসিংরুমে চলে যান। তখনই বোঝা গিয়েছিল, বেঞ্চে বসে থাকাটা ভালোভাবে নেননি রোনালদো। পরিস্থিতি সামাল দিতে রোনালদো, কোচ জেসুস এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পাওলো প্রোয়েনসার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়।
সেই বৈঠকের পর সংবাদ সম্মেলনে কিছু কড়া কথা বলেন জেসুস, ‘নিয়ম সবার জন্যই একই। কোচ খেলোয়াড়দের ক্যারিয়ার ও অতীত বিবেচনায় নেন। ম্যাচের সময় সবাইকে একইভাবে দেখা হয়…কোনো খেলোয়াড় কখনোই আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না।’
এ কথার পর ডেনমার্ক ম্যাচের আগে রোনালদো পর্তুগালের অনুশীলন ছেড়ে চলে যান। মাঝে গত মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনও করেননি। কোপেনহেগেনে ম্যাচের পর রোনালদোকে নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন আসাটা তাই পর্তুগাল কোচ জেসুসের জন্য অবধারিতই ছিল। সাংবাদিকেরা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার আগে রোনালদো তাঁকে কী বলেছেন?জেসুস উত্তরে প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে বলেন, ‘দারুণ এক জয়। চার গোল করেছি। উঁচুমানের পারফরম্যান্স। এটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। অন্য যা কিছু ঘটেছে, তার চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচ এবং দ্রাগাও স্টেডিয়ামে পরের ম্যাচে আমি মনোযোগ দিতে চাই, যেখানে আমি (পর্তুগালে) ফিরব সমর্থকদের নিয়ে। তাঁরা কানায় কানায় গ্যালারি পূর্ণ করবেন। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
পরের প্রশ্নে সরাসরি রোনালদোর নাম উচ্চারণ করা হয়নি। একটু ঘুরিয়ে জেসুসের কাছে জানতে চাওয়া হয়, জাতীয় দলে খেলোয়াড়দের মর্যাদা বা ‘স্ট্যাটাস’ নিয়ে কথা বলায় তাঁর মধ্যে কোনো অনুশোচনা আছে কি না? জেসুসের উত্তর, ‘একদমই নেই। কোনো অনুশোচনা নেই এবং আমি আগের মতো একই কথাই ভাবছি। কিছু খেলোয়াড় মর্যাদাবান, এটা পরিষ্কার। তবে আমি আবার বলছি, নিয়ম সবার জন্য সমান। আমি সব সময় এভাবেই ভেবেছি এবং ভবিষ্যতেও এভাবেই ভাবব।’
What do you feel about this post?
Like
Love
Happy
Haha
Sad
